ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরশহর হাইফার একটি আবাসিক ভবনে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরশহর হাইফার একটি আবাসিক ভবনে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে অন্তত ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন।
গতকাল রোববার বিকেলে হাইফার একটি আবাসিক এলাকায় অবস্থিত পাঁচতলা একটি ভবনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। হামলার ফলে ভবনটির একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয় এবং কয়েকজন বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের উদ্ধার করে দেশটির সরকারি চিকিৎসা পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর হাইফা শাখায় পাঠানো হয়।
উদ্ধার অভিযান চলাকালে ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে আটকে পড়া অবস্থায় শনাক্ত করা হয়। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেডের ওজন ছিল প্রায় ৪৫০ কেজি, যা বিস্ফোরণের তীব্রতা বাড়িয়ে দেয়।
নিখোঁজদের উদ্ধারের কাজ শেষ না হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






