বৈশাখের গানে তারা
পহেলা বৈশাখে গুণী সংগীত পরিচালক শওকত আলী ইমনের সুর ও সংগীতে বৈশাখের গান নিয়ে হাজির হচ্ছেন চার শিল্পী। এরা হলেন- ঝিলিক, লুইপা, কর্ণিয়া ও আতিয়া আনিসা। গানের শিরোনাম ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। কথা লিখেছেন কবির বকুল। এ গানটি অনেক বছর আগে ইমনের সুর-সংগীতে গেয়েছিলেন ক্লোজআপ ওয়ান তারকা সোনিয়া। গানটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার একই ব্যানার অর্থাৎ গানচিল মিউজিক থেকে নতুনভাবে আসছে এ গানটি চার শিল্পীর কণ্ঠে। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। সম্প্রতি এর ভিডিওতে অংশ নিয়েছেন চার শিল্পী ও ইমন। গানটি প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, গানটি সোনিয়ার কণ্ঠে বেশ সাড়া ফেলেছিল। এবার নতুন সংগীতায়োজনে চার শিল্পীকে দিয়ে গানটি গাইয়েছি। সুন্দর একটি মিউজিক ভিডিও করা হয়েছে। যেহেতু পহেলা বৈশাখের গান, তাই রঙিন একটি বিষয় থাকবে তাতে। এতটুকু বলতে পারি দারুণ কিছু আসছে। আশা করছি, সবার ভালো লাগবে। গানটি নিয়ে নিজেদের দারুণ প্রত্যাশার কথা জানিয়েছেন চার শিল্পীও। ঝিলিক বলেন, খুব সুন্দর গান। অপেক্ষায় আছি কখন মুক্তি পাবে। কর্ণিয়া উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, অসাধারণ কথা, সুর ও সংগীত।
বৈশাখে গানটি সবাইকে আনন্দে ভাসাবে। লুইপা বলেন, বৈশাখের এই গান সবার মনে অন্যরকম দোলা দেবে। একইভাবে প্রত্যাশা ব্যক্ত করেন আতিয়া আনিসাও।






