বহু প্রতীক্ষায় জন্ম, জমজের প্রাণ গেলো ট্রেনের নিচে
ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে সাড়ে চার বছর বয়সী জমজ দুই শিশুর। বুধবার বেলা ১টা ১০ মিনিটে উপজেলার নওপাড়া ইউনিয়নের কোটবাড়ি লক্ষ্মণদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্বজন ও প্রতিবেশী সূত্র জানায়, দীর্ঘ অপেক্ষার পর আকাশ শেখের পরিবারে জমজ সন্তানের জন্ম হয়। তাদের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো মো. তাইব ও মো. তাহমিদ। তারা কোটবাড়ি লক্ষ্মণদিয়া গ্রামের মো. আকাশ শেখের সন্তান। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজবাড়ীর কালুখালী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় শিশু দুটি মারা যায়।
আকাশ শেখ ফরিদপুর শহরের একটি কসমেটিকসের দোকানে কর্মরত। তাঁর ভাষ্য, তিনি প্রতিদিনের মতো দোকানের কাজে যান। হঠাৎ করেই দুপুরে খবর পান, তাঁর দুই ছেলে রেললাইনে কাটা পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই ছেলেদের খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে খবর আসে, তারা ট্রেনের নিচে চাপা পড়েছে। এ কথা শুনে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশ আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






