শেখ হাসিনার পক্ষে ট্রাইবুনালে চিঠি পাঠানোর দাবি
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আইনজীবীর মাধ্যমে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি জানানো হয়েছে।
যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি ন্যাপলি গত ৩০শে মার্চ এই চিঠি পাঠিয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে আইনজীবীর মাধ্যমে এই চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, শেখ হাসিনা বিদেশি আইনজীবীর মাধ্যমে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি পাঠালেন।
এই চিঠিতে বলা হয়েছে,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার করা হয়েছে, তাতে \"আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড\" লঙ্ঘন হয়েছে।
জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে এই বিচার প্রক্রিয়া এবং রায়কে, অবৈধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।
যদিও এই চিঠি পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেনি ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি না পেলেও এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন বলে দাবি করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বিবিসি বাংলাকে তিনি বলেন, \"শেখ হাসিনার পক্ষে লেখা চিঠিতে ট্রাইবুনালকে বিতর্কিত করা বা বিভ্রান্ত করার চেষ্টা থাকবে, এটাই স্বাভাবিক। আমরা অফিসিয়ালি চিঠিটা পেলে আমাদের মতামত জানাবো।\"






