সাকিব ‘পুরোপুরি ফিট’ হয়েই ফিরবেন: জাতীয় দলের ট্রেইনার
দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন না জাতীয় দলের ট্রেনার ইফতিখার ইফতি। সম্প্রতি সাকিবকে আবারও জাতীয় দলে ফেরানো নিয়ে বিসিবির আলোচনার মধ্যে আজ বুধবার মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আস্থার কথা জানান তিনি।
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন ইফতি। তিনি বলেন, ‘সাকিব ইন্টারন্যাশনাল স্টার। দেশের বাহিরে থাকলেও সে তার ফিটনেস মেইনটেইন করে। আমি দেখছি যে ওর পার্সোনাল ফিটনেস ট্রেইনার আছে। ফিজিও আছে, নিউট্রিশন আছে। আমার মনে হয় না যে সাকিব ওইখানে ট্রেনিং ফ্যাসিলিটিস কম পাচ্ছে। আমরা এখানে থাকলে যা মনিটর করব, তার চেয়ে বেশি মনিটরিং এর মধ্যে সাকিব আছে।
সাকিবের বর্তমান ফিটনেস সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো \'ডেটা\' বা তথ্য এই মুহূর্তে বিসিবির কাছে নেই বলে জানান ইফতি। তবে সাকিবের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে তিনি আশাবাদী যে, যখনই এই অলরাউন্ডার দেশে ফিরবেন, তিনি খেলার জন্য সম্পূর্ণ উপযুক্ত বা প্রপার ফিট থাকবেন।
সাকিব কবে নাগাদ জাতীয় দলের সিলেকশনের জন্য অ্যাভেইলেবল হবেন, তা নিয়ে বিসিবি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ইফতি জানান, সাকিবের ইস্যুটা হচ্ছে ন্যাশনাল ইস্যু। সাকিব কবে আসবে, কি করবে সেটা নিয়ে আগে থেকে কোনো প্ল্যান পরিকল্পনা আমাদের তরফ থেকে এখনো সাজাতে পারিনি। সে যখন আসবে, বিসিবি যখন তাকে মনে করবে যে সে খেলার জন্য প্রস্তুত, তখন আমরা তাকে নিয়ে একটা প্ল্যান করব।
বর্তমানে ক্রিকেটাররা ফিটনেস নিয়ে ইফতি বলেন, ‘আপনারা অনেকেই বলেন আমাদের প্লেয়াররা দায়িত্ববান নয় কিংবা তাদের ফিটনেস ভালো না। কিন্তু তারা এখন অনেক সচেতন। তারা আমাদের মতো ট্রেইনারদের সাথে সব সময় যোগাযোগ রাখে এবং ফিজিওদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগে থাকে। এই ইতিবাচক পরিবর্তনগুলো এখন তাদের মধ্যে গড়ে উঠছে।






